বাগেরহাটে আ.লীগ নেতার সভাপতিত্বে এনজিওর সেমিনার

বাগেরহাটে আ.লীগ নেতার সভাপতিত্বে এনজিওর সেমিনার

বাগেরহাটে আ.লীগ নেতার সভাপতিত্বে কুষ্ঠরোগ নির্ণয় ও চিকিৎসাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ধানসিঁড়ি হোটেলের একটি কক্ষে বেসরকারি সংস্থা সিএসএসের উদ্যোগে এ সেমিনার হয়।

বিজ্ঞাপন

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার। সিএসএসের প্রকল্প কর্মকর্তা খালেকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচর্যা স্বাস্থ্য কর্মকর্তা সাজ্জাদুর রহিম।

সেমিনারে কুষ্ঠরোগের লক্ষণ, কারণ, সংক্রমণের ধরন, প্রতিরোধ ও আধুনিক চিকিৎসাব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, এই সময়ে এসেও জেলা আওয়ামী লীগের একজন নেতার সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়েছে, এটা ভাবার বিষয়। সেমিনারের আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

বাগেরহাটের প্রবীণ সাংবাদিক আজাদ রুহুল আমিন বলেন, বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা অতীতে দেশকে ধ্বংসের চেষ্টায় লিপ্ত ছিল, তাদের সভাপতিত্বে সেমিনার আয়োজন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নতুন কৌশল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আমি এই সেমিনারের নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আয়োজক সংস্থাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।

এ বিষয়ে বক্তব্য জানতে সিএসএসের প্রধান কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন