মিরসরাইয়ে পৃথক অভিযানে চোরাকারবারিসহ গ্রেপ্তার ৭

মিরসরাইয়ে পৃথক অভিযানে চোরাকারবারিসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় চোরাই পণ্য ও নগদ টাকাসহ দুই চোরাকারবারি, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার জোরারগঞ্জ পৃথক অভিযানে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ২টায় জোরারগঞ্জ থানার এসআই বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় উত্তরা বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালান। এ সময় চোরাকারবারি মো. শরীফ হোসেন (৩১) ও মো. রাসেলকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ প্যাকেট ভারতীয় কাশ্মীরি মরিচ, ৩০ প্যাকেট ভারতীয় মেথি এবং চোরাই পণ্য বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে ।

অপরদিকে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রকাশিত আসামি মোর্শেদ আলম জিশানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ১টায় এসআই মো. সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে করেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। জিশান করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় এসআই মো. আকরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে করেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ওমর ফারুক শাহিন (২৮), মেহেরাজ (১৮) ও মো. মেহেরাজ (৪৮) কে গ্রেপ্তার করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত কয়লা বাজার, জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের সমন্বয়ে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত মো. মুক্তার হোসেন (২১) কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...