সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা ও প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে। সভায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত মঙ্গলবার ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ, ভেটেরিনারি সার্জন দেলোয়ার হোসেন সামি, প্রেস ক্লাব সভাপতি আজহারুল হক, দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির নেতা দিলীপ কুমার রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, জাতীয় সংসদের হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, সারা দেশে নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে সরকার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে বক্তব্য দেন শাহানা আফরোজ, মাহমুদুন নবী, ডা. মোয়াজ্জেম হোসেন ও সফিউল ইসলাম।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। এ সময় তিনি জানান, উপজেলার ১৭টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদ্‌যাপনে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় বক্তব্য দেন জিয়াউল হক, সাব্বির আহম্মেদ সিফাত, স্বপন কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনি কুমার দে, মনোয়ার হোসেন, আবু তাহের, গিয়াস উদ্দিন পলাশ, নজরুল ইসলাম পিন্টু, এমরান হোসেন, অপূর্ব কুমার সাহা, সমীর রঞ্জন সাহা প্রমুখ।

তানোর (রাজশাহী) প্রতিনিধি জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় নিবন্ধিত ৫৮টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের মধ্যে বরাদ্দের ডিও লেটার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনওর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চালের ডিও লেটার তুলে দেন। এ সময় পিআইও আল মামুন, শম্ভুনাথ হালদার, সাকিল হোসেন, আশিকুর রহমান ও লক্ষণ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন