সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে।রোববার দুপুরে জোয়ারের পানিতে জাতীয় উদ্যানসংলগ্ন সৈকতে প্রায় আট ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেটি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌযানের ধাক্কা, মাছ ধরার জালে আটকে অথবা অন্য কোনো মৎস্য আহরণ সরঞ্জামের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটির মৃত্যু হতে পারে। ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে পচন ধরতে শুরু করেছে।

স্থানীয় পরিবেশ ও পর্যটনকর্মী কে. এম. বাচ্চু বলেন, ‘আগের তুলনায় ডলফিনের মৃত্যুর ঘটনা কিছুটা কমলেও এখনও মাঝেমধ্যে উপকূলে মৃত ডলফিন ভেসে আসছে। এসব মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বিত গবেষণার প্রয়োজন রয়েছে।’

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নাধীন ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘উদ্ধার হওয়া ডলফিনটি ইরাবতী প্রজাতির। এর শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো মাছ ধরার জালে আটকে অথবা কোনো নৌযানের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হতে পারে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘উপকূলে ডলফিনের মৃত্যু রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এসব ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন।’

মহিপুর রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করেন।

এর আগেও কুয়াকাটা উপকূলে একাধিকবার মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। পরিবেশবিদদের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি উপকূলীয় সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য উদ্বেগের ইঙ্গিত বহন করে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...