একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের প্রাথমিক বৃত্তিতে সাফল্য

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের প্রাথমিক বৃত্তিতে সাফল্য

কুড়িগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এ সাফল্যের গল্প এখন এলাকাবাসীর মুখে মুখে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম শহরের বাসিন্দা ও জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক এবং গৃহিণী শাহিনা আক্তারের তিন কন্যা তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ।

জানা যায়, ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে তারা সবাই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।

পরিবার ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই তিন বোন অত্যন্ত মেধাবী ছিল। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলাবোধ এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণের কারণে তারা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

তিন বোনের এমন সাফল্যের জন্য তাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত। সন্তানের সাফল্যে গর্বিত বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহর কাছে তাদের জন্য উত্তম জ্ঞান, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বলেন, তিন বোনের এই অর্জনে আমরা আনন্দিত।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন