নানাবাড়ি থেকে ফেরার পর যুবক নিখোঁজ, খালে মিললো লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নানাবাড়ি থেকে ফেরার পর যুবক নিখোঁজ, খালে মিললো লাশ

নোয়াখালীর বেগমগঞ্জে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর যুবক সাদ্দাম হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) ৩টার আড়াইটার দিকে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের নিচে খাল থেকে সাদ্দামের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত সাদ্দাম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হক সাবের ছেলে।

নিহতের মামা মো. ইমাম আলী জানান, সাদ্দাম চট্টগ্রামে ইগলু কোম্পানিতে চাকরি করতেন। ঈদের ছুটিতে সাদ্দাম বাড়িতে এসেছিল। ঈদের আগে আবুধাবি থেকে তার মেজো মামা আইয়ুব দেশে ফিরেন। বুধবার বিকেলে সাদ্দাম সাইকেলে যোগে গয়েজপুর গ্রামে রুস্তম আলী বেপারী বাড়িতে মামার সঙ্গে দেখা করতে যান। বুধবার দিবাগত রাত ৯টার দিকে সাদ্দাম সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু রাত ১২টা বাজার পরেও সাদ্দাম বাড়ি ফিরেননি। পরিবারের সদস্যরা জানান, সাদ্দাম বাড়ী না ফেরায় তারা চিন্তিত হয়ে পড়েন। এরপর স্বজনরা তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোন করে জানা, শরীফপুর ইউনিয়নের খানপুরে নির্মাণাধীন একটি ব্রিজের নিচে খালে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে এটি সাদ্দামের লাশ বলে শনাক্ত করেন। তার দাবী, নিহতের হাত-পা নাক ও কান রক্তাক্ত ছিল।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে সাদ্দামের মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়া গেলেও তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন