সিরাজগঞ্জ রায়গঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নলছিয়া এলাকায় ফুলজোর নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশটির পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, লাশটির পরিচয় শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে। কেউ যদি মরদেহটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানা বা সলঙ্গা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং লাশের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

