আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি গণ-অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম ফাহিম এর সমর্থন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শেরে বাংলা সড়কস্থ সুরাইয়া ভিলায় বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর উপস্থিতিতে যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী-০১ আসনে ধানের শীষের পক্ষে সমর্থন ও একসাথে কাজ করার ঘোষণা করেন।
শহিদুল ইসলাম ফাহিম লিখিত বক্তব্যে বলেন,‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দীর্ঘ আন্দোলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদ রাজপথের অবিচ্ছেদ্য সহযাত্রী। দীর্ঘদিনের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং পটুয়াখালীর মানুষের জন্য একটি সুন্দর আগামীর প্রত্যাশায় পটুয়াখালী-০১ আসনে রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের সৃষ্টি হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, এই সমঝোতার ফলে পটুয়াখালী-০১ আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসেবে মাঠে থাকবে। পটুয়াখালী-০৩ আসনে বিএনপি যেমন আন্তরিকতার সাথে গণ অধিকার পরিষদকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, ঠিক তেমনি পটুয়াখালী-০১ আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে গনঅধিকার পরিষদ সকল সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন’।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,সমন্বয়ক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আনিসুর রহমান,জেলা গণঅধিকার পরিষদের এর আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম, সদস্য সচিব শাহ আলম, যুগ্ম আহবায়ক সাদ্দাম মৃধা, উর্মি আক্তার, জেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মহসিন ইসলাম, সেক্রেটারি রুবেল মাহমুদ সহ দুমকি সদর মির্জাগঞ্জ উপজেলার ছাত্র অধিকার, যুব অধিকার এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

