নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

নোয়াখালীর জেলা শহর মাইজদীর ফকিরপুর ও পৌরবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৮ জনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল। তাদের বেশির ভাগই কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নোয়াখালী শহরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং একজন প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এর কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান অভিযোগ করে জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এ সকল সদস্যরা জটিকা মিছিলসহ নানা অপরাধ কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। নোয়াখালী জেলা ও শহর ছাত্রদল বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে তাদেরকে অবরুদ্ধ করে থানা পুলিশের খবর দেয়। সুধারাম থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, কেপিজি নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের পরিচয়, বয়স ও সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে শনিবার সকালে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...