আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বড়লেখার এক প্রবাসীর মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বড়লেখার এক প্রবাসীর মৃত্যু
ছবি: আমার দেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সালেহ আহমেদ ওরফে আহমদ আলী (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্বজনেরা জানিয়েছেন। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা দাসপাড়া গ্রামের মৃত সবর আলীর ছেলে।

রোববার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং দেশে থাকা তার স্বজনেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বড়রেখা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান বলেন, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন। ঘটনাটি মর্মান্তিক।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজমান শহরে বসবাস করতেন সালেহ আহমেদ। সেখানে তিনি পানির গাড়িচালকের কাজ করতেন। শনিবার সন্ধ্যায় নিয়মিত কাজের সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে।

এতে সালেহসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...