আলামত নষ্টের আশঙ্কা

ওসমানীনগরে গর্তে পুঁতে সরকারি ওষুধ ধ্বংস, তদন্তে নেই অগ্রগতি

ওসমানীনগরে গর্তে পুঁতে সরকারি ওষুধ ধ্বংস, তদন্তে নেই অগ্রগতি

সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী মাটির নিচে পুঁতে আগুন দিয়ে ধ্বংসের অভিযোগে সংবাদ প্রকাশের এক মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো তদন্ত শুরু হয়নি। গঠন করা হয়নি তদন্ত কমিটি। নিরূপণ করা হয়নি ধ্বংস হওয়া ওষুধের প্রকৃত পরিমাণ কিংবা সরকারি আর্থিক ক্ষয়ক্ষতি। এতে ঘটনাস্থলের আলামত নষ্ট হওয়ার আশঙ্কার পাশাপাশি সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন ও দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, নিয়ম মেনে ওষুধ ও চিকিৎসাসামগ্রী ধ্বংস করার তথ্য তার কাছে রয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন গোয়েন্দা বিভাগেও দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে কবে, কীভাবে এবং কোন তারিখে কত টাকার ওষুধ ধ্বংসের অনুমোদন দেওয়া হয়েছিল, তা জানতে চাইলে সেপ্টেম্বর মাসের সম্ভাব্য একটি তারিখের কথা উল্লেখ করেন তিনি। বর্তমানে ছুটিতে থাকায় তার অনুপস্থিতিতে সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীমের কাছ থেকে বিস্তারিত জানার পরামর্শ দেন বিভাগীয় পরিচালক।

অন্যদিকে সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাটির নিচে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পুঁতে পোড়ানোর ঘটনায় কোনো লিখিত অনুমোদন নেওয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী, সরকারি ওষুধ ক্রয়, সংরক্ষণ, বিতরণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের ক্ষেত্রে প্রশাসনিক কমিটি ও পরিবেশগত প্রক্রিয়া অনুসরণের নিয়ম রয়েছে। তবে ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষেত্রে এসব প্রক্রিয়া অনুসরণের কোনো দাপ্তরিক নথি তার কাছে নেই।

সংবাদ প্রকাশের এক মাসেও তদন্ত কমিটি গঠন না হওয়ায় ঘটনাটি আড়াল করার চেষ্টা চলছে কি না এবং এতে আলামত নষ্টের আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডা. শামীম বলেন, সংবাদ প্রকাশের বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানায়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্টদের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকেও এখনো কোনো তদন্ত কমিটি গঠন না করায় গুদামে থাকা অবশিষ্ট মেয়াদোত্তীর্ণ ওষুধ একইভাবে যেকোনো সময় আবারও ধ্বংস করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সূত্রটি।

সরকারি সম্পদের সম্ভাব্য অপচয় ও অনিয়মের অভিযোগ ওঠার পরও জেলা ও বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দৃশ্যমান তদন্ত উদ্যোগ না থাকা এবং শীর্ষ দুই কর্মকর্তার পরস্পরবিরোধী বক্তব্য পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। এতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বক্তব্য জানতে সিলেটের সিভিল সার্জন ডা. নাছির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

উল্লেখ্য, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত অর্থবছরে সরকারি বরাদ্দের ওষুধ ও চিকিৎসাসামগ্রীর একটি অংশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চাহিদার তুলনায় কম সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাকি ওষুধ বাইরে সরিয়ে রাখার অভিযোগও ওঠে। এরই মধ্যে চলতি বছরের স্বাস্থ্য অধিদপ্তরের বার্ষিক অডিটের আগে গভীর রাতে হাসপাতাল প্রাঙ্গণের বিপরীত পাশে আনুমানিক আট ফুট দীর্ঘ ও ছয় ফুট বিস্তৃত একটি গর্ত খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসাসামগ্রী পুঁতে কেরোসিন ঢেলে ধ্বংস করা হয়। তবে সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছিল, ধ্বংস করা সামগ্রীগুলো ছিল যক্ষ্মা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত নষ্ট ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উপকরণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...