নারায়ণগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’ এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সদর উপজেলা ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের দায়িত্ব। স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও মাসিককালীন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কালার কোডেড ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে উঠবে।

তিনি আরো বলেন, টেকসই পানির বোতল ও সুইস পানি ফিল্টার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে সহায়তা করবে। আর ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড কাগজবিহীন স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরি করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস গড়তে উপজেলা প্রশাসন সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। প্রথম ধাপে সদর উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় এসব উপকরণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। তাই স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

এ সময় সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, কালার কোডেড ময়লার বিন, টেকসই পানির বোতল, সুইস পানি ফিল্টার এবং ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় ভবিষ্যতে শিক্ষকদের জন্য জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন