বগুড়ায় আওয়ামী-লীগ নেতাদের বিরুদ্ধে নিউজ করায় ক্ষিপ্ত হয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী শাফায়াত সজল দৈনিক আমার দেশ এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।
ঘটনাটি ঘটেছে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট এলাকায়। আহত সংবাদকর্মী শাফায়াত সজলকে বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই হামলার ঘটনায় আবু সাঈদ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে যুবলীগ নেতা ও একাধিক মাদক মামলার আসামী মহল এখনো পলাতক রয়েছে।
মামলা এজাহার সূত্রে জানা, আওয়ামীলীগ নেতাদের বিভিন্ন অপকর্মের নিউজ প্রকাশ করায় যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ী মহল ও তার সহযোগী আবু সাঈদ ক্ষিপ্ত হয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় শাফায়াত সজলের উপর পূর্বপরিকল্পনা অনুযায়ী সশস্ত্র হামলা চালায়। এসময় সাঈদ চাকু দিয়ে হত্যার উদ্দেশে আঘাত করলে কপালে গভীর ক্ষত হয়ে রক্তাক্ত জখম হয়। যুবলীগ নেতা মহলের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে।
এসময় আরেক সংবাদকর্মী রসুল খন্দকার বাঁচাতে আসলে অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসীরাও তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে মারপিট করে আহত করে। এসময় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে আবু সাঈদ নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিলেও অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ আসামী আবু সাঈদকে আদালতে প্রেরণ করেছে। এদিকে যুবলীগ নেতা মহলসহ অন্যান্য সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। তাদের অতিদ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন সাংবাদিক সমাজ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীকে আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

