আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। আট বছর বয়সী ইসরাত ও ১৮ মাস বয়সী রোজা মনির হাতে শিশুখাদ্য তুলে দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশ সুপারের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ শিশু দুটির কাছে এসব উপহার ও আর্থিক সহায়তা পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

এর আগে গত ১২ অক্টোবর দৈনিক আমার দেশ- অনলাইনে ‘চিপস কিনে দেওয়ার কথা বলে দুই মেয়েকে ফেলে গেলেন মা, খোঁজ মিলছে না বাবারও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বর্তমানে শিশু দুটি তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে জেসমিন আক্তারের সঙ্গে নূর মোহাম্মদ নাছির আলমের বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যাসন্তানের জন্ম হয়। পরে পারিবারিক মনোমালিন্যের জেরে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই সন্তানকে নিয়ে জেসমিন তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। এর মধ্যে তিনি অন্যত্র বিয়ে করেন।

গত রোববার (১১ অক্টোবর) দুপুরে দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে আসেন জেসমিন। পরে মুঠোফোনে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে সন্তানদের নিয়ে যেতে বলেন। তখন নাছির আলম কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন বলে জানান। একপর্যায়ে দুই মেয়েকে বাজারের সড়কের পাশে রেখে কুমিল্লা শহরে চলে যান জেসমিন।

মাকে খুঁজে না পেয়ে বাজারে ছোটাছুটি করতে থাকে শিশু দুটি। তাদের অসহায় অবস্থায় দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে শিশু দুটির চাচি শিরিনা বেগম বাজারে এসে তাদের শনাক্ত করেন এবং নিজ বাড়িতে নিয়ে যান। সেখান থেকে পরে বাবা শিশু দুটিকে নিজের হেফাজতে নেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি জানার পর কুমিল্লার পুলিশ সুপার শিশু দুটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তার নির্দেশনায় মঙ্গলবার রাতে শিশু দুটির জন্য শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, শিশু দুটিকে নিয়ে সংবাদটি দেখে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনের মাধ্যমে তাদের জন্য খাবার পাঠিয়েছি। তাদের আর্থিক সহায়তাও করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন