নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

নোয়াখালীর সদর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা, একটি দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র‍্যাব-১১ ও পুলিশ।

মঙ্গলবার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের মামুন উর রশিদের গ্যারেজে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

ডিএনসি জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির উপপরিদর্শক মো. হাবিবুর রহমান, র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন এবং সুধারাম মডেল থানার উপপরিদর্শক সুমন বণিকের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় গ্যারেজের ভেতরে হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে তৈরি বিশ্রামকক্ষের খাটের ওপর থেকে ইয়াবা, পাইপগান, একটি সীসার কার্তুজ, তিনটি মুঠোফোন এবং ইয়াবা সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কক্ষটিতে তিনটি সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

আটককৃতরা হলেন— গ্যারেজমালিক মো. মামুন উর রশিদ (৩৭), পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত ইউছুপ মিয়ার ছেলে, আব্দুল মান্নান (২৭), করমুল্যা বাজার এলাকার আব্দুল হানিফের ছেলে, মানজুর রহমান শাকিল (৩৮), দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের খলিফা বাড়ির মফিজুর রহমানের ছেলে।

ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্যারেজের ওই বিশ্রামকক্ষটি দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের কাজে ব্যবহার করা হতো। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশে ওই অস্ত্র ও কার্তুজ সংগ্রহ করে রাখা হয়েছিল।

ডিএনসির নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন