রেল কারখানায় নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ মন্ত্রী, তত্ত্বাবধায়ককে তিরস্কার

রেল কারখানায় নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ মন্ত্রী, তত্ত্বাবধায়ককে তিরস্কার

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারকাজের নিম্নমান দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তিনি একপর্যায়ে কারখানার কোচ সংস্কারকাজ একেবারেই বন্ধ করে দেওয়ার কথা বলেন। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে রেলকোচের জানালা সংস্কারকাজে অনিয়ম দেখে কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ হন মন্ত্রী।

পরিদর্শনকালে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদসহ কর্মকর্তাদের তিরস্কার করে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব। আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলা ভরে কাজ করতেন?’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কারকাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও শ্রমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।’

কারখানা পরিদর্শনকালে মন্ত্রী শেখ রবিউল আলম বিভিন্ন শপ (বিভাগ) ঘুরে দেখেন এবং যাত্রীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সংস্কারকাজে ব্যবহৃত উপকরণের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে কাজে অবহেলা বা অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি। এ সময় অন্যান্যের মধ্যে আরো ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা, কারখানার কর্মব্যবস্থাপক এম মমতাজুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সৈয়দপুর রেলওয়ে কারখানার পদস্থ কর্মকর্তারা ও স্থানীয় বিএনপির নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন