প্রয়াত কবি আল মুজাহিদীর জীবন, সাহিত্যকর্ম ও সমাজে তাঁর অবদান স্মরণে টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশীয় সাংস্কৃতিক সংসদ, টঙ্গী অঞ্চলের উদ্যোগে শুক্রবার বিকেলে টঙ্গীর আল-হেলাল স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি আল মুজাহিদী তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সাহিত্যকীর্তি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁকে স্মরণ করার পাশাপাশি তাঁর আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
দেশীয় সাংস্কৃতিক সংসদ, টঙ্গী পশ্চিম শাখার সভাপতি মো. মতিন তালুকদারের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব শাখার সভাপতি আদনান জায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগর শাখার সভাপতি মুহাম্মদ মনির হোসাইন খান, সহ-সভাপতি মেহেদী হাসান সিরাজ, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অদ্রি আলাউদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের নির্বাহী সদস্য মো. শাহজাহান শোভন, বিশিষ্ট সমাজসেবক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, কবি মাওলানা আল আমিন, ফয়সাল মো. মাসউদ (চমন), মোজাহার হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাওয়াদ বিন মতিন। আলোচনা পর্ব শেষে প্রয়াত কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল আমিন।
আয়োজকরা জানান, কবি আল মুজাহিদীর স্মৃতি সংরক্ষণ এবং তাঁর সাহিত্যচর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

