কক্সবাজারের ঈদগাঁওয়ের তাসনিমুল হক ফরাজি লেড়ু চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী। তিনি জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিলেন। ধরা পড়ায় একবার তাকে গণপিটুনিও দিয়েছিলেন আন্দোলনকারীরা। ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার এই দোসরকেই দেওয়া হয়েছিল সরকারি সহায়তার চেক। এ নিয়ে শনিবার ‘আওয়ামী ক্যাডার পেলেন সরকারি সহায়তার চেক’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আমার দেশ। অবশেষে তার চেকটি স্থগিত করা হয়।
আমার দেশ-এর সংবাদ ছড়িয়ে পড়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে অবশেষে সহায়তার চেকটি স্থগিত করে তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত ‘জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদদের যাচাই-বাছাই প্রণয়ন কমিটির’ অন্যতম সদস্য নাসিমা আক্তার পিঙ্কির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সহায়তার পে-অর্ডার বিতরণের দিনেই বিতর্ক শুরু হয়। সমাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছিল। শনিবার তদন্ত কমিটি গঠন হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক সালাহ উদ্দিন জানান, বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর চেকটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ছাত্র সমন্বয়কদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ঈদগাঁওয়ের জুলাই বিপ্লবে শহীদ নুরুল মোস্তফার পরিবার এখনো কোনো সরকারি সহায়তা না পাওয়ার কারণ জানতে চাইলে জেলা যাচাই-বাছাই প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রে দায়িত্বরত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ ইয়ামিন বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। নথিগত কোনো ত্রুটি থাকলে তাও দেখা হবে। সব সমস্যা সমাধান শেষে শহীদ নুরুল মোস্তফার পরিবারও সরকারি সহায়তা পাবে বলে তার আশা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

