রাজবাড়ীর কালুখালী উপজেলায় মো. আসাদুজ্জামান (২৪) নামে এক যুবকের হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যার পর লাশ উপুড় করে শুইয়ে আগুনে ঝলসে দেয় বলে জানা গেছে। তিনি জামায়াতে ইসলামীর সক্রিয়কর্মী ছিলেন বলে জানা গেছে।
নিহত আসাদুজ্জামান কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত মীর মোশাররফ হোসেন কলেজের ডিগ্রি শাখার ছাত্র ছিলেন। আসাদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয়কর্মী ছিলেন বলে দাবি করেন জেলা জামায়াতের সেক্রেটারি আলিমুজ্জামন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আসাদুজ্জামান। রাত ৮টার দিকে তিনি সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মুঠোফোনে জরুরি পাঁচ হাজার টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সোমবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেন।
জানা গেছে, মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে দাখিল মাদরাসার সামনের মাঠে, ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর তীরে তোরণ মেম্বারের জমি (পাটক্ষেতের পাশ) থেকে তার বিকৃত লাশ উদ্ধার করা হয়।
এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসী স্তব্ধ ও শোকাহত। নিহতের ফুপাতো ভাই মো. হাফিজুল ইসলাম এবং স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লা জানান, আসাদুজ্জামান অত্যন্ত নম্র ও ভালো স্বভাবের ছেলে ছিলেন এবং এলাকায় কারও সঙ্গে তার কোনো বিবাদ বা শত্রুতা ছিল না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, এটি অত্যন্ত নৃশংস ঘটনা। একটি পাটক্ষেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আশা করছি খুব দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি
রাজবাড়ীর কালুখালীতে দলীয় কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, রাজবাড়ীর কালুখালীতে জামায়াতকর্মী মো. আসাদুজ্জামানকে (২৪) নির্মমভাবে হত্যার পর হাত-পা বাঁধা লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা চরম বর্বরতা, নৃশংসতা এবং মানবতাবিরোধী অপরাধ। এহেন ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। আমি এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আসাদুজ্জামানের বর্বরোচিত হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে, দেশের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই। সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করতে পারায় একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে সন্ত্রাসী ও খুনিরা। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
নিহত আসাদুজ্জামানের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন তিনি।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

