রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২৫/৩-আর এর বিপরীতে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা এক নারীকে নৌকাযোগে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টহলরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান গ্রহণ করলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ভেস্তে যায়। এ সময় ওই নারীকে শূন্যরেখার কাছে ভারতের অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। যেকোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...