গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়ি ভাংচুরের ও অগ্নিসংযোগকালে এলাকাবাসীর প্রতিরোধ ও হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে থেকে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় শুক্রবার রাত পৌনে দশটার দিকে গাজীপুর মহানগর সদর থানাধীন ৩১ নং ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম মোজাম্মেল হক, এমপি পৈতৃক বাড়িতে বৈষম্য বিরোধী নামে একদল ছাত্র জনতা ভাংচুরের ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় এলাকার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী বাহির হয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে দাওয়া দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে পিটিয়ে আহত করে । আহত ২৫ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদা আক্তার ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন জানান আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে বলেও জানান তিনি।আহতদের মধ্যে ১৪ জনের নাম পরিচয় জানা গেছে।
আহতরা হলো
হিমেল, আবির খান, গৌরব,ইয়াকুব, শুভ শাহরিয়ার, হামজা, ইয়াসির আরাফাত সাগর,জাইদুল ইসলাম সিয়াম,নাঈম, রোহান আহমেদ,ইমন, নাবিল ওয়ালিদ, অপু, কাশেম
সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মহিম সাংবাদিকদের জানান যে,সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি লুটপাট করা হচ্ছে, এই খবর পেয়ে ছাত্ররা তাদের বাধা দিতে যায়। এ সময় পরিকল্পিত লুটপাটকারীরা আমাদের ছাত্রদের উপর হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। এখানে ২৫ জন ছাত্র আহত হয়, যাদের মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকালের মধ্যে যদি অপরাধীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা মার্চ টু গাজীপুর ঘোষণা করবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

