দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা শেষ হচ্ছে না। আগামী বুধবার থেকে তিনদিন দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, এমনকি ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় রাজধানী ঢাকায়ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবারের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, গত শুক্রবার মৌসুমি বায়ু বিদায় নেওয়ার মধ্য দিয়ে বর্ষা মৌসুমের অবসান হলেও বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিকের বায়ুর সংমিশ্রণে আগামী বুধবার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।
এদিকে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি এবং ঢাকায় ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, দেশের মোট বৃষ্টিপাতের প্রায় ৭২ শতাংশ হয় বর্ষাকালে। তবে অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হলে বৃষ্টিপাত হতে পারে।
এদিকে মৌসুমি বায়ু বিদায়ের পর বাতাসে আর্দ্রতা কমে ভ্যাপসা গরমের অস্বস্তি কমে গেছে। তবে উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে আগামী কয়েক দিন আবহাওয়ার পরিবর্তন অব্যাহত থাকতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


