আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে জামায়াত আমির

যেখানেই যাচ্ছি লোকে বলে ‘আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে’

সিলেট ব্যুরো

যেখানেই যাচ্ছি লোকে বলে ‘আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে’

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে আমরা হারিনি, হারিয়ে দেওয়া হয়েছে। যেখানেই যাচ্ছি লোকে আমাদের বলে ‘আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।’ আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এ নির্বাচনের মধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে পরিষ্কার।

শুক্রবার দুপুরে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিক বলেন, ১০-১২ হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে যাদের হারানো হয়েছে, এটা ইচ্ছাকৃত। দুয়েক জায়গায় ঘোষণা দিয়েও তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু স্পর্শকাতর জায়গায় ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। আমরা থামব না ইনশাল্লাহ। কেউ আমাদের থামাতে পারবেও না।

দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে জামায়াত আমির বলেন, আমাদের পথম লড়াই ছিল জাতীয় নির্বাচন আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এ লড়াইয়ে একটি জায়গাও যেন আমাদের খালি না থাকে।

তিনি আরো বলেন, এ নির্বাচনে যারা জীবনবাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সমাজের সে জায়গাগুলো থেকে ভালো লোকদের বের করে তাদের হাতে ওই জায়গাগুলোকে (স্থানীয় সরকারের) তুলে দিতে চাই। এ জায়গায় আমাদের অনেক বিবেচক ও ত্যাগী হতে হবে।

জামায়াতে ইসলামীর ইতিহাসে সংসদীয় রাজনীতিতে এবারই সবচেয়ে বড় সাফল্য এসেছে জানিয়ে তিনি বলেন, এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছিলাম। এবার আমাদের নেতৃত্বে হয়েছে। এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব প্রদান করেছেন। এবার আমরা ছয়টি শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। আমি তাদের নাম বলছি না, আপনারা সবাই তা জানেন।

জামায়াত আমির বলেন, এই ছয় শক্তি নিয়ে তারা আমাদের সঙ্গে পারত না, যদি অন্যকিছুর আশ্রয় না নিত। এই অন্য কিছুর আশ্রয়ের থাকা এখন কেবল আমরা বলছি না, টিআইবি বলেছে, সুজনও এ কথা বলছে, আরও অনেকে বলতে শুরু করেছে। সম্মিলিত এ শক্তির বিরুদ্ধে আমাদের আবার লড়তে হবে। এখন থেকেই আমাদের কৌশল নির্ধারণ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন