লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে আট মাস ধরে সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামে এক তরুণী নিখোঁজ রয়েছেন। মাসের পর মাস পার হলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেও কোথাও তার সন্ধান পায়নি পুলিশ।
নিখোঁজ তৃপ্তি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজিবাড়ির বাসিন্দা।
জানা যায়, ২০২৫ সালের ২৯ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে তৃপ্তির মা রহিমা আক্তার চিকিৎসার জন্য ঢাকায় যান। ওই দিন বিকেলে স্বামীর মোবাইল ফোনে বাড়ির খোঁজখবর নিতে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, তার মেয়ে তৃপ্তি বাড়ি থেকে পার্শ্ববর্তী কালিবাজারে গেছেন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়ি ফেরেননি। তখন আত্মীয়স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই বছরের ৬ ডিসেম্বর মেয়ের সন্ধানে রহিমা লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি জিডি করেন। কিন্তু নিখোঁজের আট মাস পার হলেও এখনো তার মেয়ের কোনো সন্ধান মেলেনি।
রহিমা বেগম বলেন, ‘তৃপ্তি আমার ছোট মেয়ে। আট মাস হয়ে গেল আমার মেয়েকে কোথাও পাচ্ছি না। পুলিশও আমার মেয়ের কোনো সন্ধান দিতে পারেনি।’ এ অবস্থায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তৃপ্তিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে তৃপ্তি নিখোঁজ রয়েছেন। তার মা থানায় নিখোঁজের ডায়েরি করেছেন, তাও পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিখোঁজ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক সোহেল রানার মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

