সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান
ছবি: সংগৃহীত।

প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প ও নতুন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ওমান। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফর উপলক্ষে শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করে দুই দেশ একটি ‘উচ্চাভিলাষী ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ গড়ে তোলার অঙ্গীকার করেছে। রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চলতি সপ্তাহে যুক্তরাজ্যে যান ওমানের সুলতান।

বুধবার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সুলতান হাইথাম দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আধুনিকায়ন, উন্নত শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রাতিষ্ঠানিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করা।

দুই দেশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতিও দিয়েছে। এ ক্ষেত্রে ‘সাইফ সারিয়া’ সামরিক মহড়া সিরিজকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে সাইফ সারিয়া-৪ মহড়ার প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সামরিক সক্ষমতা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, নতুন কৌশল যাচাই এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য বিনিময়ে আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

এ ছাড়া সাইবার নিরাপত্তা ও জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতেও সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ও ওমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন