চর দখল নিয়ে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি সেলিম ভূঁইয়া

চর দখল নিয়ে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি সেলিম ভূঁইয়া

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরারচর এলাকায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বিজ্ঞাপন

এ সময় তিনি সংঘর্ষে নিহত কুহিনূর আক্তারের (৩৮) পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন।

রোববার (২ আগস্ট) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এর আগে মেঘনা উপজেলার আলীপুর বাজারে গিয়ে তিনি কুহিনূর আক্তার হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া চরবিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

পরে এমপি সেলিম ভূঁইয়া মেঘনা উপজেলার চরবিনোদপুর এবং তিতাস উপজেলার নতুন বাটেরারচর গ্রামের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি সেলিম ভূঁইয়া বলেন, “একটি টাউট চক্র পরিস্থিতি ঘোলা করে এখান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা কাউকে সেই সুযোগ দিতে চাই না।”

তিনি আরও বলেন, “নিহত কুহিনূর আক্তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি একজন নিরীহ গৃহবধূ। তার তিনটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। তারা আজ মাকে হারিয়ে এতিম হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এবং তিতাস ও মেঘনা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর এবং তিতাস উপজেলার নতুন বাটেরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গলায় টেঁটা বিদ্ধ হয়ে কুহিনূর আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এছাড়া প্রায় ৭০ থেকে ৮০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন