বাগাতিপাড়ায় গ্যাসলাইটার বিস্ফোরণে প্রাণ হারাল শিশু

বাগাতিপাড়ায় গ্যাসলাইটার বিস্ফোরণে প্রাণ হারাল শিশু
ছবি: আমার দেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্যাসলাইটার নিয়ে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া ছয় বছর বয়সী শিশু শারিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শারিন বাগাতিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর মহল্লার সাবেক কাউন্সিলর মহাসিন আলীর ছেলে। সে উপজেলার কালেক্টর প্রিপারেটরি কেজি স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুর বাবা মহাসিন আলী জানান, গত ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে বাড়ির সামনে একটি গ্যাসলাইটার ও কলম নিয়ে খেলছিল শারিন। একপর্যায়ে নিজের পরনের গেঞ্জির সঙ্গে লাইটার ও কলম ঘষাঘষি করলে লাইটারটি বিস্ফোরিত হয় এবং তার গেঞ্জিতে আগুন ধরে যায়। এতে শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার সময় তিনি জুমার নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে ছেলেকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিক বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার সময় তার শরীরের সামনের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার গুরুতরতা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে রেফার করা হয়।

পরে শনিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য শারিনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।’

শিশু শারিনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন