নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে প্রায় অর্ধকোটি টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে তাকে বিমানবন্দর এলাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়। এর আগে বেলা ১১টার দিকে তিনি বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
অবতরণের পরপরই সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলাল উদ্দিনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মানবিক বিবেচনায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত টাকার উৎস, উদ্দেশ্য এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান পুলিশ সুপার।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

