বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা আহত

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা আহত
ছবি: আমার দেশ

চিকিৎসকের কাছে যাওয়ার পথেই পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী মা ও ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহত ছেলের বাবা

নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল আনুমানিক ৬টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট পাঁচপীর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের ফাহিমা আক্তার (২৮) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (৩)। গুরুতর আহত হয়েছেন ফাহিমা আক্তারের স্বামী নাজমুল ইসলাম (৩৪)। তিনি বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। পথে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পাঁচপীর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় পিকআপটি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত এবং নাজমুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত নাজমুল ইসলামকে উদ্ধার করে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চালক পিকআপ নিয়ে পালিয়ে গেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। হাইওয়ে পুলিশও ঘটনাস্থলে কাজ করছে। ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন