উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২০) নামে এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর প্রায় ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গলের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কদর আলী জানান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মেহেদী হাসান জানান, গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যান চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত লোকমান মিয়া পিকআপভ্যানের চালক ছিলেন। তার বাড়ি শ্রীমঙ্গলের লালবাগ এলাকায়।
এ বিষয়ে হাইওয়ে থানার ওসি মামুন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বলেন, “পিকআপ চালকের লাশ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া ও স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

