ভারতের শিলিগুড়ির মহানন্দা নদীতে গোসল করতে নেমে মোহনগঞ্জের স্কুলছাত্র সাফায়েল হোসেন নওশাদসহ (১৬) দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নওশাদ উপজেলার সোনারামপুর গ্রামের ব্যবসায়ী সানোয়ার হোসেনের বড় ছেলে। সে শিলিগুড়ির ফুলবাড়ী মহানন্দা ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, গত সোমবার তিন বন্ধু দেবাংশু সাহা, প্রজ্ঞা জ্যোতি দাস ও সাফায়েল হোসেন নওশাদ মহানন্দা নদীতে গোসল করতে নামে। তারা তিনজনই সাঁতার জানত না। স্থানীয়রা দেবাংশু সাহাকে জীবিত উদ্ধার করলেও বাকি দুজন নিখোঁজ থাকে। মঙ্গলবার সকালে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা জানান, উদ্ধারের সময় দুই বন্ধু একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ছিল।
এ বিষয়ে নিহতের বাবা সানোয়ার হোসেন বলেন, ‘আমি এখন রংপুরে আছি। আমার ছেলের লাশ শিলিগুড়ির একটি হাসপাতালের মর্গে আছে। লাশ দেশে আনার জন্য সমস্ত প্রক্রিয়া শেষ করেছি। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনকে অবহিত করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশের বুড়িমারী বর্ডার দিয়ে লাশ দেশে আসবে বলে আশা করছি। আগামীকাল বৃহস্পতিবার জানাজা শেষে দাফন করা হবে।’
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘পত্রপত্রিকার মাধ্যমে ঘটনাটি শুনেছি। লাশ দেশে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

