রাজশাহীর গোদাগাড়ীতে দুটি দোকানে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার মহিশালবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জালের মালিকদের এই জরিমানা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মহিশালবাড়ি গ্রামের মৃত সৈবুর আলীর ছেলে মোখলেছুর রহমান (৬০) এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৪)। তাদের মধ্যে রফিকুল ইসলামকে ১ লাখ টাকা এবং মোখলেছুর রহমানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
তিনি বলেন, বিপুল পরিমাণ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে দুজনকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
ইউএনও আরো বলেন, পরবর্তী সময়ে জব্দ করা এসব ক্ষতিকর জাল সাধারণ মানুষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হবে। জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

