নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে

নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। ছবি: আমার দেশ

নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত এ্যাডভান্স প্রোগ্রাম অন এ আই ল এন্ড পলিসি শীর্ষক উচ্চতর প্রোগ্রামে অংশ নিয়েছেন। অক্সফোর্ডের ওরচেস্টার কলেজে অনুষ্ঠিত আবাসিক এই প্রোগ্রামে তিনি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায় অংশ নেন এবং প্রোগ্রাম সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করেন। আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রোগ্রামটি সাতটি মূল অধিবেশনকে কেন্দ্র করে সাজানো হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) বিদ্যমান আইনি কাঠামো, নিয়ন্ত্রণ সংস্থা ও আইন পেশাকে কীভাবে প্রভাবিত করছে, সেটি ছিল আলোচনার কেন্দ্রে।

বিশেষ করে, এআই-ভিত্তিক সিদ্ধান্তে মানুষের নিয়ন্ত্রণ, ‘হিউম্যান-ইন-দ্য-লুপ’ ব্যবস্থার সীমাবদ্ধতা, দায়বদ্ধতা ও ক্ষতির দায় নির্ধারণ এবং তথ্য সুরক্ষাসহ বিচার ও জনসেবা খাতে এ আই ব্যবহারের আইনি ও নীতিগত নানা দিক বিশ্লেষণধর্মী আলোচনায় উঠে আসে। এছাড়া, এ আই প্রকিউরমেন্ট, এ আই ঝুঁকি ব্যবস্থাপনা এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের উপাত্ত ও সক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার প্রেক্ষাপটে প্রতিযোগিতা আইনের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

গ্লোবাল সাউথের দেশগুলোতে এ আই ব্যবস্থা যাচাই ও ক্ষতি প্রমাণের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং এ আই-সংক্রান্ত নতুন আইন ও নীতি প্রণয়নে রাষ্ট্রগুলোর বর্তমান চ্যালেঞ্জও আলোচনার অংশ ছিল। বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন উদ্ভাবক, বিচারক, জ্যেষ্ঠ আইনজীবী, আইন উপদেষ্টা ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি এ আই আইন ও নীতি বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

বিগত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ কর্মসূচি ভবিষ্যৎ গবেষণা, নীতি-সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করতে পারে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন