আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিখোঁজের তিনদিন পর নদীতে রিকশাচালকের লাশ উদ্ধার

খুলনা ব্যুরো

নিখোঁজের তিনদিন পর নদীতে রিকশাচালকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

খুলনায় নিখোঁজ হওয়ার তিনদিন পর ভৈরব নদ থেকে ভাসমান অবস্থায় এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার ভোরে জেলখানা খেয়া ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হানিফ শেখ (৪০)। তিনি খুলনার ৪ নম্বর ঘাট এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সেহরির কিছুক্ষণ পর নদীতে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পান তারা। পরে বিষয়টি স্থানীয় থানাকে জানানো হলে নৌপুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নৌপুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, ভোর ৫টার দিকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে হানিফ শেখের লাশ উদ্ধার করেন। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, হানিফ শেখ প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রিকশা চালাতেন। এরপর ভোরের দিকে ভৈরব নদে গোসল করে বাড়ি ফিরতেন। গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তিনি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা ভৈরব নদের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের তিনদিন পর শনিবার ভোরে জেলখানা খেয়া ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...