আগামী ১৭ থেকে ১৯ মার্চ চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬তম চায়না ইন্টারন্যাশনাল এগ্রোকেমিক্যাল অ্যান্ড ক্রপ প্রোটেকশন এক্সিবিশন (সিএসি)। প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
ন্যাশনাল এগ্রিকেয়ার এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (এনএসি) তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে প্রদর্শনীতে অংশ নিচ্ছে। কোম্পানিটির উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন বালাইনাশক, গ্রোথ রেগুলেটর, সার, ডব্লিউডিজি ফর্মুলেশনের পণ্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় ৫০টি দেশ অংশগ্রহণ করছে। সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে উদ্যোক্তারা নতুন কৃষিপণ্য, প্রযুক্তি এবং টেকসই সমাধানের খোঁজে অংশগ্রহণ করেন।
মেলায় অংশগ্রহণ সম্পর্কে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ বলেন, প্রথমবারের মতো বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এ ধরনের একটি প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে। অন্য কোম্পানিগুলো এগিয়ে আসলে এরকম মেলায় ইপিবিও প্রয়োজনীয় সহায়তা করবে। তিনি বলেন, আমার এখন তৈরি পোশাকের ওপর নির্ভরশীল। কৃষিপণ্য রপ্তানি শুরু হলে বাংলাদেশের রপ্তানি আয়ে আরেকটা বৈচিত্র্য যুক্ত হবে।
মেলায় অংশগ্রহণকারী এনএসির ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের নীতি সহায়তা পেলে ওষুধ শিল্পের মতো এগ্রো শিল্পকেও সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে আমদানির পরিবর্তে রপ্তানিমুখী এবং প্রায় শতভাগ পণ্য উৎপাদন করা সম্ভব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

