পরিস্থিতি স্বাভাবিক থাকলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকামুখী সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট বুধবার থেকে শুরু হতে পারে। আজ মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর বিমানবন্দরটিতে কয়েক দিন ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। ১৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত তিনটা পর্যন্ত বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। এরপর পর্যায়ক্রমে ফ্লাইট ওঠানামা শুরু হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ঢাকা থেকে এ পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ২৪১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত থাকবে।
এর আগে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। পরদিন ২২ অক্টোবর সকাল ৮টায় ৩৭৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যায়। তবে পরবর্তী সময়ে রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


