পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা কলাপাড়ায় শান্তিতে বসবাস করতে চাই। কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
বুধবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিপুর থানা বিএনপি ও কুয়াকাটা পৌর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো পক্ষ যেন শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি ও মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও মিজানুর রহমান টুটু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ-সভাপতি ইমরান বিশ্বাস ও গাজী সুলতান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মতিউর রহমান।
সমাবেশ সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন।
এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

