নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫), সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম (২৫) এবং মদন উপজেলার কাইটাল গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, একই সময়ে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি এলাকার খালপাড়ে বজ্রপাতের শিকার হন আশরাফুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৫টার দিকে মদন উপজেলার কাইটাল গ্রামে বাড়ির পাশে মাছ ধরার জন্য বসানো বাইর (ফাঁদ) তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হন রাজিব। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশগুলো উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

