কক্সবাজারে প্রায় ১ হাজার ৩২২ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার জেলার শহরতলির ৩৪ বিজিবি ব্যাটালিয়নের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি জানিয়েছে, এসব মাদক চোরাকারবারিবিহীন অবস্থায় বিভিন্ন সময়ে উদ্ধার করা হয়েছিল।
এছাড়াও, একই সময়ে বিজিবি প্রায় ৮৯৫ কোটি টাকা মূল্যের মাদক জব্দ করেছে এবং ২ হাজার ৬৯৩ জন মাদক কারবারিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা মাদকের বর্তমান বাজারমূল্য ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে, ইয়াবা ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস, ক্রিস্টাল মেথ (আইস) ১৪০.০৪৯ কেজি, বিয়ার ৬১ হাজার ৪৯১ ক্যান, বিদেশি মদ ২২ হাজার ১৫৫ বোতল, হেরোইন ২৫.৯৯৮ কেজি, ফেনসিডিল ১৬৯ বোতল, গাঁজা ৫২.৮০০ কেজি, কোকেন ৪.৪০৫ কেজি, আফিম ৪ কেজি, সিগারেট ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট।
বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান জানান, কক্সবাজার ও বান্দরবান সেক্টরের ব্যাটালিয়নগুলো বিভিন্ন সময়ে এসব মাদক উদ্ধার করেছিল। তিনি বলেন, মাদক একটি নীরব ঘাতক, যা দেশের আর্থ-সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে। মাদকের ভয়াবহ বিস্তার সমাজের মূল্যবোধ ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করছে।
তিনি আরও বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ করে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ইয়াবা, ক্রিস্টাল মেথ, হেরোইনসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ আভিযানিক কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর।
মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার রিজিয়ন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবাইদুল্লাহ, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেন, পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

