মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন তিন শিক্ষার্থী। গত সোমবার থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো. আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। তারা চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী।
ছেলেদের খোঁজ পেতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ দুই শিক্ষার্থীর বাবা।
স্বজনরা বলেন, তারা রোববার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। ওই দিন শিক্ষার্থী শাহীন আলী অন্য দুজনকে সঙ্গে নিয়ে তার নানার বাড়ি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডাইংপাড়ায় যায়। সেখানে রাতে থাকার পর সোমবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তাদের খুঁজে পাচ্ছি না।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত বলেন, শিক্ষার্থীর স্বজনরা থানায় ডায়েরি করেছেন। তাদের সন্ধানে তৎপরতা শুরু করেছে পুলিশ।
বিদিরপুর দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক মো. নুরুজ্জামান বলেন, ওই তিন শিক্ষার্থী মাদ্রাসায় না আসায় খোঁজ নিই। পরে জানতে পারি তাদের পাওয়া যাচ্ছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

