ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় বর্তমান সরকার।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে তাকে স্পিকার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
স্পিকার হওয়ার মধ্য দিয়ে মেজর হাফিজের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারসহ মোট সাতবার এমপি হয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। এর মধ্যে রয়েছে পাট মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বর্তমান সংসদে পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে সারা দেশে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন মেজর হাফিজ। এছাড়া মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় অর্জন করেছিলেন বীর বিক্রম খেতাব।
এর আগে সংসদ অধিবেশনে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের নাম প্রস্তাব করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। এই প্রস্তাব সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদের সামনে স্পিকার নির্বাচনের বিষয়টি পেশ করেন। পরে এটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু বলেন, আমরা অনেক খুশি। যোগ্য ব্যক্তি তার যোগ্য আসন খুঁজে পেয়েছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। লালমোহন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, রাজনৈতিক জীবনে মেজর হাফিজ অত্যন্ত সাদামাটা জীবন পার করেছেন, যার পুরস্কার পেলেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

