মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ৬ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার আছদ্দর আলী রোডের ‘সেলিমা টি ট্রেডার্স’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানান, এসআই মিয়া নাসির উদ্দিন আহমেদ, এসআই সজীব চৌধুরী ও এসআই মো. ইমানুর হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দোকানটিতে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে দোকানদার জুবের আহমদ (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বায়মপুর এলাকার শওকত আলীর ছেলে।
পরে সাক্ষীদের উপস্থিতিতে দোকানটি তল্লাশি করে ১৯টি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১৬০ পিস উইশকেয়ার লোশন, ১৪৪ পিস ওয়াইল্ড স্টোন পারফিউম, ৭২০ পিস স্কিনশাইন ক্রিম, ৩০০ পিস পন্ডস হাইড্রা মিরাকল, ১৫০ পিস হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পু, ৩০০ পিস মামাআর্থ ফেসওয়াশ এবং ৬০ পিস গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং ওয়াটার।
পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের বৈধ আমদানিসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে আনার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

