জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে নির্যাতন, পদ হারালেন তিন ছাত্রদল নেতা

মাহির কাইয়ুম, ঢাবি

জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে নির্যাতন, পদ হারালেন তিন ছাত্রদল নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলেও পরে তা শারীরিক নির্যাতন ও হুমকিতে গড়ায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, ফেঞ্জ ল্যাঙ্গুয়েজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে চন্দন দাস, ২০২১-২২ শিক্ষাবর্ষের ঝলক দাস, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রিপন চন্দ্র সরকার। তিনজনই জগন্নাথ হল শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক। এছাড়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাগর। তিনি ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

ভুক্তভোগী অভয় কুমার সিংহ, বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী ও শারীরিকভাবে প্রতিবন্ধী।

তিনি জানান, রোববার সন্ধ্যায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের নিচে মনশ্রী হালদারের চায়ের দোকানে বসে ছিলেন তিনি। পায়ের সমস্যার কারণে বেঞ্চে পা তুলে বসেন।

এ সময় অভিযুক্ত চন্দন দাস ও ঝলক দাস তাকে পা নামিয়ে বসতে বলেন। জবাবে অভয় বলেন, জায়গা ফাঁকা থাকায় সমস্যা হওয়ার কথা নয়; কেউ এলে তিনি পা নামিয়ে নেবেন। এ কথোপকথনের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, পরে অভয় তার কক্ষে ফেরার পর চন্দন দাস, ঝলক দাস, রিপন চন্দ্র সরকার এবং সাগর নামে চারজন তার রুমে প্রবেশ করে তাকে সংঘবদ্ধভাবে মারধর করেন । এছাড়া তাকে হুমকি দেওয়া হয়, ভবিষ্যতে তাকে চায়ের দোকান বা নিচে কোথাও দেখা না যায়।

অভয় কুমার সিংহ আমার দেশকে বলেন, একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর রুমে গিয়ে এভাবে হামলা করা শুধু অমানবিক নয়, এটি হলের মানবিক পরিবেশের জন্যও লজ্জাজনক।

তিনি দ্রুত বিচার দাবি করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে ডাকসুসহ সংশ্লিষ্টদের নিয়ে সংবাদ সম্মেলন ও আইনি পদক্ষেপ নেবেন।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন চন্দন দাস। তিনি বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে।

চন্দনের দাবি, আমরা তাকে ওভাবে মারধর করিনি। বরং পরে জানতে পারি তিনি প্রতিবন্ধী। পরে আমরা সরি বলার জন্য তার রুমে গিয়েছিলাম।

তিনি আরে দাবি করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র হতে পারে।

অন্যদিকে, অভিযুক্ত রিপনের ফোনে যোগাযোগ করা হলে তার বিষয়ে তার ফুপা জানান, রিপনকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রিপনের ফুপা বলেন, ঘটনার সময় রিপন উপস্থিত থাকলেও মারধরে অংশ নেননি। উপস্থিত বাকি তিনজন মারধর করেছেন। রিপন মারধর করেননি।

অন্যদিকে ঝলক দাস ও সাগরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ঘটনার পরদিন সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক বিজ্ঞপ্তিতে জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ হল শাখার যুগ্ম আহ্বায়ক চন্দন দাস, ঝলক দাস ও রিপন চন্দ্র সরকারকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, অভিযোগ পেয়ে ইতোমধ্যে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকল তথ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ চেক করে আমরা দ্রুত ব্যবস্থা নিব।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...