সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আতিকা খাতুন (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আতিকা পাবনার চাটমোহর উপজেলার বাঘলবাড়ী গ্রামের একটি মাদ্রাসার অধ্যক্ষ মো. ওসমান গনির মেয়ে এবং সিরাজগঞ্জের হামকুড়িয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। মামুন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুরাদনগর ফাজিল মাদ্রাসার ইংরেজি সাহিত্যের প্রভাষক।
স্থানীয়রা জানান, আতিকা-মামুন দম্পতির ৬ বছর বয়সি একটি ছেলে ও ১৬ মাস বয়সি দুটি যমজ মেয়ে রয়েছে। নিহতের ভাই মো. জাহিদ হাসান জানান, প্রায় সাত বছর আগে আতিকা ও মামুনের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকেই মামুন আতিকাকে নির্যাতন করে আসছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশও হলেও আতিকার ওপর নির্যাতন বন্ধ হয়নি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আতিকাকে ছুরিকাঘাত করেন তিনি।
এ সময় আতিকার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনেই পালিয়ে যান মামুন। পরে খবর পেয়ে নিহতের বাবা, ভাইসহ স্বজনেরা হাসপাতালে যান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতসহ বিভিন্ন আঘাতের চিহ্ন আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

