১৭ বছরে দেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ গুম খুনের শিকার হয়েছেন। গুমের শিকার এসব নেতাকর্মী ও নাগরিকের মুক্তি দাবি করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী নির্মম এসব ঘটনা ঘটায়। এসব ঘটনায় বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সরকারি কলেজ ছাত্রদল।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব ইয়াছিন বাবলু, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, জেলা ছাত্রদল নেতা শাহাবাব চৌধুরী জিদান, শাকিব প্রমুখ।
মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, ১৭ বছর আওয়ামী লীগ ছাত্রদলের অনেক নেতাকর্মীকে গুম-খুন ও নির্যাতন করেছে। অনেক মায়ের বুক খালি করেছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে। পতনের পরও তারা ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র ছাত্র-জনতা রুখে দেবে।
দেশে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, গুম-খুনে জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

