মাগুরা শ্রীপুরে চাঞ্চল্যকর শিশু রাজিয়া খাতুন (১৫) ধর্ষণ ও হত্যা মামলার আসামি হাসান শেখকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেঁপেবাগানের পাশে বাঁশঝাড়ের নিচ থেকে শিশু রাজিয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির বাবা মিকিজ শেখ ২০২২ সালের ১৯ মার্চ বাদী হয়ে শ্রীপুর থানায় হাসান শেখকে আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন।
শিশুটির মা ছবিরন নেছা জানান, রাজিয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। বিকেলে বাড়ির পাশের একটি জমিতে রসুনক্ষেত দেখতে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি পেঁপেবাগানের পাশে বাঁশঝাড়ের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মামলার রায়ে সন্তুষ্ট হয়ে শিশুটির মা এই মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
রাষ্ট্রপক্ষে পি পি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মনির হোসেন বাবলু মামলা পরিচালনা করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

