চাঁদপুরের হাইমচর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের দলবদ্ধ কৃষকদের মাঝে সরকারি সহায়তায় আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে আধুনিক যন্ত্রপাতি তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ভিত্তিক কৃষক দলের মাঝে পাঁচটি কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন), দুটি ভুট্টা মাড়াই মেশিন, ছয়টি কীটনাশক স্প্রে মেশিন এবং একটি সেচ মেশিন বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, “কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকার কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে। এসব মেশিনের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকরা কম সময়ে ও সাশ্রয়ী খরচে অধিক ফসল ঘরে তুলতে পারবেন।”
যন্ত্রপাতি বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

