নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা বন্ধ হচ্ছে না। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। এসব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার বেলা ১১টায় জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসলামী ব্যাংকের সামনে দিয়ে ঘুরে জীবননগর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জেলা মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর এবং পৌর যুব জামায়াতের সভাপতি আরিফ জোয়ার্দার প্রমুখ। বক্তারা দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর পূর্ব বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার লক্ষ্যে শনিবার রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বৈঠকের কথা থাকলেও সন্ধ্যার দিকে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে সুটিয়া গ্রামের বাসিন্দা ও বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মৃত ওহাবের ছেলে মফিজুর রহমান, তার বড় ভাই হাফিজুর রহমান, মৃত গোপাল মণ্ডলের ছেলে খায়রুল ইসলাম এবং হাপু আহত হন। আহতদের মধ্যে হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে দিকে তিনি মারা যান।
অন্যদিকে সংঘর্ষে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান, তার বাবা জসিম উদ্দিন এবং তৌফিক হোসেন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হাফিজুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকাল ৩টায় সুটিয়া গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান সেখ বলেন, বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বাগেরহাট প্রতিনিধি জানান,ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও বাগেরহাট জেলা এখন এক অশান্ত জনপদে পরিণত হয়েছে। নির্বাচনের পর থেকেই জেলার বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। আধিপত্য বিস্তার, মৎস্য ঘের দখল এবং দলীয় কোন্দলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠেছে জেলার প্রতিটি উপজেলা। ১৩ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওসমান গনি সরদার নামে একজন নিহত হন। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
রামপালে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। প্রতিপক্ষের হামলায় শহীদ শেখ নামে এক স্থানীয় বিএনপি নেতা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে রামপাল থানায় মামলা করেছেন ভিকটিমের ভাই জাহিদ শেখ। অন্যদিকে, ২৪শে ফেব্রুয়ারি রামপালের ভোজপড়িয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি আল আমিন গ্রুপ ও প্রিন্স গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকালে রাশেদ খানের কার্যালয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংর্ঘষ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এ সময় কালীগঞ্জ থানার তিনজন পুলিশ সদস্য আহত হলে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার আসামিদের শনিবার বিকাল ৩টায় বিষয়খালী বাজারে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের কর্মী যুবদল নেতা আশরাফ প্রধানসহ তিন বাড়িতে গত শুক্রবার রাতে পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরবাড়ি, দোকান, গাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তোলা হয়। এ সময় হামলায় তিনজন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানের তার নিরাপত্তা চেয়ে গত শনিবার প্রতাপের চর এলাকায় সংবাদ সম্মেলন করেছেন।
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাঁচ পুলিশসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শনিবার ইফতারের আগে থেকে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ১২টি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার সংঘটিত সহিংস ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় পূর্ববিরোধের জেরে যুবদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন।
কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের কেশবপুর স্বেচ্ছাসেবক দলের নেতা মিন্টু রহমান জিকোকে শহর থেকে তুলে নিয়ে মারপিটসহ তার কাছ থেকে সাড়ে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ সহীদসহ তিনজনের বিরুদ্ধে কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে। থানা পুলিশ বলেছে, এ ব্যাপারে তদন্ত চলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান, হাটের টেন্ডার শিডিউল দাখিল এবং ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা-মারপিটের ঘটনায় পাবনার চাটমোহরে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। ফলে উত্তপ্ত হয়ে উঠেছে চাটমোহরের রাজনৈতিক অঙ্গন। পৃথক দুটি মামলায় বিএনপি এবং জামায়াতের ৩১ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

