এমপি শাহজাহান চৌধুরী

ব্যবসা নয়, হাসপাতাল হতে হবে মানবসেবার প্রতিষ্ঠান

ব্যবসা নয়, হাসপাতাল হতে হবে মানবসেবার প্রতিষ্ঠান
ছবি: আমার দেশ

ব্যবসায়িক চিন্তাভাবনা নয়, সেবার মানসিকতা নিয়ে হাসপাতাল পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাসপাতাল শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠলে চলবে না, এটি হতে হবে মানবসেবার অন্যতম প্রতিষ্ঠান। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ যেন স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় আল নূর স্পেশালাইজড হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের উদ্যোগে উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী প্রায় ১ হাজার ৫০০ গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি সব ধরনের পরীক্ষায় ৪০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, উখিয়ার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটতে হবে না। আল নূর স্পেশালাইজড হাসপাতাল মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতালের প্রধান উপদেষ্টা বাদশা মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। কুতুপালং এলাকায় নতুন এ হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় মানুষের চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছি। তবে চিকিৎসার মান, রোগীদের নিরাপত্তা, স্বচ্ছতা ও সেবার আন্তরিকতা নিশ্চিত করতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি ও নিয়মনীতি মেনে হাসপাতাল পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

হাসপাতালের চেয়ারম্যান সিরাজ কবির বলেন, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার একটি সুন্দর ও সেবাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে এ পথচলা শুরু করতে চান তাঁরা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আল নূর স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। উখিয়াসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দক্ষ চিকিৎসক, আন্তরিক সেবাপ্রদান ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। মানুষের আস্থা অর্জন করে সততা ও নিষ্ঠার সঙ্গে সেবা করাই তাঁদের মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন