বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমিরের শপথ গ্রহণ উপলক্ষে শনিবার সকাল ১০টায় জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ হলরুমে এক বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত জেলা আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদারকে শপথবাক্য পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ বলেন, দায়িত্ব কোনো সামাজিক স্ট্যাটাস কিংবা ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একজন দায়িত্বশীলকে কৃত্রিম বা আনুষ্ঠানিক সহযোগিতা নয়, বরং আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে সহযোগিতা করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, আমিরের দায়িত্ব কোনো ব্যক্তিগত পদমর্যাদা কিংবা সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুদায়িত্ব ও আমানত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহর সাহায্য এবং সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

